আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভোট দেবেন ১২ কোটি ৮০ লাখ মানুষ। দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির গণতন্ত্রে ফেরার পথে এই নির্বাচন একটি বড় পরীক্ষা।
শেখ হাসিনার পতনের পর থেকে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার দেশে এই নির্বাচন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের নির্বাচনে ভোটাররা যেসব ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন:
দুর্নীতি
ঢাকাভিত্তিক কমিউনিকেশন রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে বড় উদ্বেগ দুর্নীতি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ বহুদিন ধরেই বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে।
নির্বাচনে এগিয়ে থাকা বিএনপি এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী—উভয় দলই দুর্নীতিবিরোধী অবস্থানকে তাদের প্রচারণার মূল বিষয় বানিয়েছে। বিশেষ করে জামায়াতের ‘দুর্নীতিমুক্ত’ ভাবমূর্তি তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।
মূল্যস্ফীতি
সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে। জরিপে অংশ নেওয়া মানুষের দুই-তৃতীয়াংশের বেশি বলেছেন, নিত্যপণ্যের দাম তাদের দ্বিতীয় সবচেয়ে বড় দুশ্চিন্তা।
অর্থনৈতিক উন্নয়ন
একসময় এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি ছিল বাংলাদেশ। কিন্তু কোভিড-১৯ মহামারিতে রপ্তানিনির্ভর তৈরি পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২০২৪ সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শিল্পখাত অস্থির হয়ে ওঠে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়। ভোটারদের মতে, অর্থনৈতিক উন্নয়ন তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু।
কর্মসংস্থান
বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুশের বয়স ৩০ বছরের নিচে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর লাখ লাখ তরুণের জন্য চাকরি সৃষ্টি করা পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
শেখ হাসিনার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা
নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন, তার দলের কার্যক্রম নিষিদ্ধ করায় কোটি কোটি সমর্থক প্রার্থীহীন হয়ে পড়েছে, যার ফলে অনেকেই ভোট বর্জন করতে পারে।
কিছু মানুষ সত্যিই ভোটকেন্দ্রে না যাওয়ার কথা বলছেন। তবে বিশ্লেষকদের মতে, গণহারে ভোট বর্জনের সম্ভাবনা কম বরং সাবেক আওয়ামী লীগ সমর্থকরাই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক সাবেক আওয়ামী লীগ সমর্থক এখন বিএনপিকে সমর্থন করছেন।