মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর, সমন্বিত জ্বালানি পরিকল্পনার তাগিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৭: ২৬
রোববার বেলা ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

কক্সবাজারের মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) পরিদর্শনকালে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে মহেশখালীর মাতারবাড়ী হেলিপ্যাডে পৌঁছান তিনি। পরে প্রশাসনিক ভবনে প্রকল্পের সার্বিক পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ, নিরাপত্তাব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফিং করা হয়। শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবলে পরিচালিত এই কেন্দ্রের সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি স্মারক নিমগাছের চারা রোপণ করেন তিনি।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ সহায়তায় নির্মিত দুটি ৬০০ মেগাওয়াট ইউনিটের এই প্রকল্পে বিদ্যুৎকেন্দ্র ছাড়াও বন্দর সুবিধা, সঞ্চালন লাইন ও যোগাযোগ সড়ক রয়েছে।

ব্রিফিং শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শনে বের হন এবং প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁকে প্রস্তাবিত এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পেট্রোকেমিক্যাল প্রকল্প, নতুন রিফাইনারি, কোল জেটি, গভীর সমুদ্রবন্দর এবং প্রস্তাবিত ৩ ও ৪ নম্বর কোল পাওয়ার প্ল্যান্টের স্থানগুলো দেখানো হয়।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র  প্রকল্পের সার্বিক পরিচালন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফিং করা হয়। সংগৃহীত ছবি
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক পরিচালন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফিং করা হয়। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করা প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদন ও বৃহৎ অবকাঠামো পরিচালনায় অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশগত প্রভাব এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মাতারবাড়ীকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর ও শিল্প অবকাঠামোর সমন্বিত পরিকল্পিত ব্যবহার দেশের শিল্পায়ন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত