জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মানিলন্ডারিং ও রাজস্ব ফাঁকির অভিযোগে আলফা আই ও বিআরবিসহ ৩ প্রতিষ্ঠানে দুদকের অভিযান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

দুদক কার্যালয়। ফাইল ছবি

চলচ্চিত্র প্রযোজনার আড়ালে মানিলন্ডারিং, হাসপাতালে সিন্ডিকেট ও শিল্প কারখানায় বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৮ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, সিলেট ওসমানী মেডিকেল ও কুষ্টিয়ার বিআরবি কেবলসে এসব অভিযান পরিচালিত হয়।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।

এদিন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সিনেমার আড়ালে হুন্ডি ও অর্থপাচার

তানজির আহমেদ জানান, চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার আড়ালে অবৈধ অর্থ লেনদেন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ উঠেছে ‘আলফা আই প্রোডাকশন’-এর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আজ দুদকের প্রধান কার্যালয়ের একটি বিশেষ দল প্রতিষ্ঠানটির ঢাকার অফিসে অভিযান চালায়।

অভিযানে দলটি ওই কার্যালয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং আয় গোপন ও কর ফাঁকি সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করে বলেও জানান ‍দুদকের এই কর্মকর্তা। তিনি জানান, এসব নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ওসমানী মেডিকেলে ঘুষ ও সিন্ডিকেট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেন ও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বাণিজ্যের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের সিলেট জেলা কার্যালয়।

এসময় দুদকের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনের সময় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন জানিয়ে দুদকের জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। এ বিষয়ে দ্রুতই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তাঁরা।

বিআরবি ক্যাবলসে রাজস্ব ফাঁকি

কুষ্টিয়ার বিআরবি ক্যাবলস কারখানার বিরুদ্ধে রাজস্ব ফাঁকি এবং চোরাই তামা বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের স্থানীয় কার্যালয়।

মো. তানজির আহমেদ জানান, অভিযানে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তামা কেনা ও আমদানির হিসাব এবং গোডাউনের মজুদ সংক্রান্ত নথিপত্র তলব করা হয়। দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয় প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করছে। অনুসন্ধান শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত