হঠাৎ নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সমস্যা দেখে দিলেন নির্দেশনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২১: ১৯
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার আকস্মিক রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়নসহ নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এর মধ্যে ছিল– রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদগেট।

এরপর মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী হয়ে সন্ধ্যায় গুলশানে নিজের বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

Ad 300x250

সম্পর্কিত