
ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুতিপাড়ার বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি’ নামে চীনা মালিকানাধীন কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার কর্মকর্তাদের অভিযোগ, রাতে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের কক্ষে ঘুমাতে যান। সোয়া ১২টার দিকে তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। কারখানার পেছনের অংশে নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল না। কারখানায় ঢুকে তারা চীনা কর্মকর্তাকে গলায় ছুড়ি ধরে, হাত-পা রশি দিয়ে বেধে ৭০ লক্ষ টাকা নিয়ে যায়।
কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর বলেন, ‘বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরে, এরপর বলে চাবি দাও। চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। সবার মুখে মাস্ক ছিল।’
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, রাতে একটি কারখানায় তিনজন দূস্কৃতিকারী ঢুকে চায়নিজ নাগরিককে বেধে, লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগী জানিয়েছে।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’
.png)






