অধ্যাপক জামালকে জাবির সিন্ডিকেট সদস্য হিসেবে চান ছাত্রদলের সাবেকরা
স্ট্রিম সংবাদদাতাজাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিনকে (রুনু) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা। ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত জাকসুর সাবেক নেতৃবৃন্দও একই দাবি জানিয়েছেন।
জানা যায়, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে এ সংক্রান্ত সুপারিশপত্র জমা দেওয়া হয়েছে। পত্রে অধ্যাপক জামাল উদ্দিন রুনুর দীর্ঘ রাজনৈতিক, একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জামাল উদ্দিন রুনু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক। তিনি সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন এই অধ্যাপক। ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের প্রত্যাশা-তাঁকে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সুপারিশপত্রে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে অধ্যাপক জামাল উদ্দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা। তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ মেয়াদে সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে পুনরায় নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এতে আরও বলা হয়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্প নিয়ে দুর্নীতিবিরোধী ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনে অধ্যাপক জামাল উদ্দিন অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন।
এছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভারকেন্দ্রিক কর্মসূচিতে শিক্ষার্থীদের সংগঠিত করা, ৫ আগস্টের লংমার্চ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকা এবং আন্দোলনের ৯ দফা দাবি প্রণয়নে তাঁর ভূমিকার কথাও সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে।
সুপারিশপত্রে তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেরও উল্লেখ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্টে ফেনীর বন্যায় ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের সহায়তায় ‘দান নয়, ধার’ উদ্যোগ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরা হয়।
সুপারিশকারীরা অধ্যাপক জামাল উদ্দিন রুনুর দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, প্রশাসনিক অভিজ্ঞতা ও বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাঁর নাম রাষ্ট্রপতির নিকট মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহ্বান জানান।
সুপারিশপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাকসুর সাবেক ভিপি ও জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, জাকসুর সাবেক এজিএস ও শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আউয়াল মোল্লা, জাকসুর সাবেক জিএস কে. এম. রাশেদুল হাসান, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জাকসুর সাবেক জিএস মোহাম্মদ শামছুল, শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আরমান, সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, আবু সাঈদ ভূঁইয়া ও আসাদ উল্লাহ আসাদ।
এছাড়া জাকসুর সাবেক এজিএস মোখলেছুর রহমান বাদল, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, মো. আশরাফুল আলম, মো. সাইফুল হক ও মো. সাবির হোসাইন, সাবেক জাকসু ভিপি মো. মাসুদ হাসান লিটন এবং জাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ড. মো. তৌফিকুল ইসলামও সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন।
.png)




-48fd5f-256x144.webp)

