ঢাকায় বৃত্তাকার সড়ক ও নৌপথ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
সাভার (ঢাকা)

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারের লক্ষ্যে গৃহীত অবকাঠামো নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানীর যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। ১২ কিলোমিটার দীর্ঘ এই রিং রোড গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বর্তমানে রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশের নির্মাণকাজ চলছে এবং প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

হাসান শিপলু আরও জানান, বৃত্তাকার এই সড়ক নির্মিত হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনকে রাজধানীর ভেতরের সড়ক ব্যবহার করতে হবে না। এর ফলে শহরের মূল সড়কগুলোতে যানবাহনের চাপ কমে যানজট নিরসন হবে।

বৈঠকে ঢাকার চারপাশ ঘিরে থাকা ১১০ কিলোমিটার নৌপথ সচল করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞরা জানান, বৃত্তাকার নৌপথটি চালু হলে মানুষ এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে অনায়াসে যাতায়াত করতে পারবে। এ ছাড়া নৌপথের যানবাহনগুলো ‘ইলেকট্রিক’ হওয়ায় তা হবে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী। এতে সময়ও অনেক কম লাগবে বলে কারিগরি উপস্থাপনায় জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌ-পরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মুহিদুল ইসলাম। এ ছাড়াও বুয়েটের অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক মো. হাদিউজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Ad 300x250

সম্পর্কিত