সরকারকে সংশোধনে দেওয়া সময় ফুরিয়ে আসছে: জামায়াত আমির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৫
ফেনীতে পথসভায় বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি
ফেনীতে পথসভায় বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির পথসভায় ফেনীর মহিপালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অনেক অপেক্ষার পর রাস্তায় নেমেছি। দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুরু হয়েছে। সরকার এখন আমাদের চোখ রাঙাচ্ছে। আমরা হাসিনার চোখ রাঙানিকে ভয় পাইনি, আর আপনাদের ভয় পাব—ভাবলেন কেমন করে?’

সরকারি দল নির্লজ্জ দলীয়করণ করলে বিরোধীদল বসে থাকবে না জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের কাজ প্রতিবাদ করা, ভুল দেখিয়ে দেওয়া এবং তা না শুনলে প্রতিরোধ গড়ে তোলা।

দেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলেন, দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। বাস্তবে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ নাজেহাল হয়ে গেছে। আমরা বুঝে গেছি, এ সরকার দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না।

জুলাই আন্দোলনসহ আওয়ামী লীগ সরকারের আমলের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চেয়েছিলেন জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত এসব বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। বাস্তবে সরকার এসব বিচারে আন্তরিক নয়। এ সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার চৌধুরী প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত