জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বিএনপির বিরুদ্ধে হামলা ও কেন্দ্র দখলের অভিযোগ এনসিপির, ফলাফল প্রত্যাখানের হুঁশিয়ারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২০
এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন মনিরা শারমিন। স্ট্রিম ছবি

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হলে তারা তা মেনে নেবে না এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যাখ্যান করবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন দুপুর সোয়া ২টায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সম্পাদক মনিরা শারমিন।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন বলেন, ‘সকাল থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২১টি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেয়েছি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে নোয়াখালীর হাতিয়ায়। সেখানে আমাদের প্রার্থী হান্নান মাসুদের স্ত্রী ও ভাইয়ের ওপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এছাড়া ঢাকা-৮, ঢাকা-৯ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আমাদের প্রার্থী ও এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।’

নোয়াখালীর হাতিয়ায় দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে উল্লেখ করে মনিরা শারমিন বলেন, ‘কুমিল্লায় এক কক্ষে ধানের শীষের একাধিক এজেন্ট রাখা হচ্ছে, যা নির্বাচনী বিধির স্পষ্ট লঙ্ঘন। এছাড়া ভোলা ও মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে বারবার জানালেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।’

এনসিপির এই নেত্রী প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা চেয়েছিলাম ভোটাররা তাঁদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করুক। কিন্তু বিএনপি যেভাবে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তার করছে, তাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে—এটা বলা যাচ্ছে না। প্রশাসন যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয় এবং এই অনিয়ম অব্যাহত থাকে, তবে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করবে।’

দলটি জানিয়েছে, প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ ভোটারদের নিরাপত্তা ও ভোটের সঠিক ফলাফল নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। এছাড়া গণভোট হচ্ছে। সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবে ‘হ্যাঁ’-‘না’ ভোট দেবেন ভোটাররা।

নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।

এবারের নির্বাচনে স্বতন্ত্র ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। মোট প্রার্থী ২০২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

Ad 300x250

সম্পর্কিত