হাসান মাহমুদের ৭ উইকেটে কেন্টের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০৪
উইকেট নিয়ে সতীর্থের সঙ্গে হাসান মাহমুদের উদযাপন। সংগৃহীত ছবি
উইকেট নিয়ে সতীর্থের সঙ্গে হাসান মাহমুদের উদযাপন। সংগৃহীত ছবি

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে ওরচেস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। দুই ইনিংসে ৭টি উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার।

ক্যানটারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে চার দিনের ম্যাচে শুরুতে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায় কেন্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন স্যাম নর্টিস্ট। ওরচেস্টারশায়ারের বেন অ্যালিসন নেন ৪ উইকেট। জবাবে ওরচেস্টারশায়ারকে প্রথম ইনিংসে ২১৭ রানে আটকে ফেলার মূল কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম দিন শেষ বিকেলেই পরপর দুই বলে দুই আঘাত হেনে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। দ্বিতীয় দিনেও সেই নৈপুণ্য বজায় রেখে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান।

প্রথম ইনিংসে ২১ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ওপেনার স্যাম নর্টিস্টের ১৩২ এবং জ্যাক ক্রলির ৫৪ রানের ইনিংসে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কেন্ট। এতে জয়ের জন্য ওরচেস্টারশায়ারের সামনে ৩৮০ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওরচেস্টারশায়ার। তবে অ্যাডাম হোসে ও ব্রেট ডি'অলিভেইরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।

এই অবস্থায় আবারও কেন্টের হয়ে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন হাসান মাহমুদ। ইনসুইং ডেলিভারিতে ৩৮ রানে থাকা হোসেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাঁদের ৭৬ রানের জুটি ভাঙেন তিনি। পরে ৪৫ রানে থাকা হেনরি কালেন এবং বেন অ্যালিসনকে সাজঘরে ফেরান এই বাংলাদেশি পেসার। দ্বিতীয় ইনিংসে ৫১ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

৭ উইকেট নিয়ে কেন্টের জয়ে মূল ভূমিকা রাখা তরুণ এই পেসারকে কেন্ট শিবিরের ‘এক্স-ফ্যাক্টর’ বলে আখ্যা দিয়েছেন সতীর্থ পেসার ম্যাট মিলনেস।

সংক্ষিপ্ত স্কোর:

কেন্ট ১ম ইনিংস: ২৩৮/১০ (নর্টিস্ট ৫৪; অ্যালিসন ৪/৫৮)

ওরচেস্টারশায়ার ১ম ইনিংস: ২১৭/১০ (লাটেগান ৫৯; হাসান মাহমুদ ৪/৬৮)

কেন্ট ২য় ইনিংস: ৩৫৮/১০ (নর্টিস্ট ১৩২, ক্রলি ৫৪; টেলর ৪/৬৮)

ওরচেস্টারশায়ার ২য় ইনিংস: ২৯৫/১০ (ডি’অলিভেইরা ১০৩; হাসান মাহমুদ ৩/৫১)

ফল: কেন্ট ৮৪ রানে জয়ী।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত