চায়নিজ তাইপের জালে নারী হকি দলের ৭ গোল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২০
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ৭-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: হকি ফেডারেশন
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ৭-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: হকি ফেডারেশন

অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচে প্রথম কোয়ার্টারে গোল শূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ২০ মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন কনা আক্তার।

এরপর তৃতীয় কোয়ার্টারে ৩২ ও ৩৪ মিনিটে নাদিরা এমা পরপর দুটি গোল করেন।

এর এক মিনিট পর আইরিন আক্তার স্কোরশিটে নাম তোলেন এবং ৩৮ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করেন।

চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ৫১ ও ৫৭ মিনিটে অধিনায়ক সারিকা রিমন জোড়া গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আইরিন।

নিজেদের পরবর্তী ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

১০ দলের এই প্রতিযোগিতায় ‘চ্যালেঞ্জার পুলে’ বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে ‘এলিট পুলে’ রয়েছে স্বাগতিক চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মেয়েদের জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত