বিশ্বকাপের নক্ষত্র—২

মেসিদের শিরোপা ধরে রাখার মিশনে তুরুপের তাস এনজো

বিশ্বকাপের নক্ষত্র—২

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ৩৭
এনজো ফার্নান্দেজ। সংগৃহীত ছবি

এনজো ফার্নান্দেজকে বর্তমান সময়ের অন্যতম ‘কমপ্লিট মিডফিল্ডার’ বিবেচনা করা হয়। মাঠের ভিশন, নিখুঁত লং-পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণে তাঁর দক্ষতায় ফুটবল ভক্তরা মুগ্ধ। রক্ষণভাগ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণের পাশাপাশি ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করতেও সমান পারদর্শী তিনি।

এনজোকে নিয়ে ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি বলেছিলেন, ‘ওর (এনজোর) ভয়ডর নেই। একাই মাঝমাঠের নিয়ন্ত্রণ করতে পারে। ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বকে দেখিয়েছে ও কী পারে।’

পরিচিতি পরিসংখ্যান

এনজো ফার্নান্দেজ সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন। আর্জেন্টিনা জাতীয় দলের ২৪ নম্বর জার্সিধারী এই তরুণ তুর্কি ইংলিশ ক্লাব চেলসির মাঝমাঠের প্রাণভোমরা।

২০২৫ সালে চেলসির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতেন এনজো। ছবি: সংগৃহীত
২০২৫ সালে চেলসির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতেন এনজো। ছবি: সংগৃহীত

১৭ জানুয়ারি ২০০১ সালে আর্জেন্টিনার সান মার্তিনে জন্ম নেওয়া এনজো শৈশবে স্থানীয় ক্লাব লা রেকোভায় খেলার পর রিভার প্লেটের একাডেমিতে যোগ দেন। ২০২০ সালে রিভার প্লেটের হয়ে তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু হয়। ২০২২ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দিয়ে সেখানেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন এই তারকা।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সাফল্যের পর ২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড ১০৬ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন এনজো।

ট্রফি ক্যাবিনেট অর্জন

মাত্র ২১ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন এনজো। ওই আসরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ 'ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড' লাভ করেন। ২০২৪ সালে দেশের হয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হন।

২০২২ বিশ্বকাপের 'ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড' হাতে এনজো। ছবি: সংগৃহীত
২০২২ বিশ্বকাপের 'ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড' হাতে এনজো। ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওন জয়ের পাশাপাশি বেনফিকার জার্সিতে জেতেন পর্তুগিজ লিগ। ২০২৫ সালে চেলসির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতেন এনজো।

কাতার বিশ্বকাপের রূপকথা ২০২৬-এর মিশন

কাতার বিশ্বকাপের শুরুতে নিয়মিত একাদশে ছিলেন না এনজো। সৌদি আরবের সঙ্গে হেরে আর্জেন্টিনা তখন খাদের কিনারে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন এনজো। ৮৭ মিনিটে ডি-বক্সের কোনা থেকে বাঁকানো শটের গোলে দলের ২-০ গোলে জয় নিশ্চিত করেন। এরপর পুরো টুর্নামেন্টে দলের মাঝমাঠ আগলে রাখেন।

মাত্র ২১ বছর বয়সেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন এনজো। ছবি: সংগৃহীত
মাত্র ২১ বছর বয়সেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন এনজো। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তাই ট্রফি ধরে রাখার মিশনে কোচ লিওনেল স্কালোনির ব্লুপ্রিন্টের অন্যতম কারিগর হয়ে উঠতে পারেন এনজো।

নামের পেছনের গল্প

এনজোর বাবা রাউল ফার্নান্দেজ ছিলেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার এনজো ফ্রান্সেসকোলির ভক্ত। ফ্রান্সেসকোলি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটেরও আইকন ছিলেন। প্রিয় খেলোয়াড়ের নামানুসারেই রাউল ছেলের নাম রাখেন 'এনজো'।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত