২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ড

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক

দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষা শেষে বিশ্বকাপে ফিরল স্কটল্যান্ড। আগামী ১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নবম বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

এর আগে আটবার বিশ্বকাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি স্কটল্যান্ড। দেশটির রক্ষণভাগের সাবেক খেলোয়াড় স্টিভ ক্লার্ক ২০১৯ থেকে দলের কোচের দায়িত্বে রয়েছেন। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৩তম অবস্থানে থাকা দলটি ফুটবল বিশ্বে ‘দ্য টার্টান আর্মি’ নামেই পরিচিত।

১৯৫৪ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত বিশ্বকাপে মোট ২৩ ম্যাচ খেলেছে স্কটল্যান্ড। ৪ জয়ের বিপরীতে ১২ পরাজয় রয়েছে তাদের ঝুলিতে।

বাছাইপর্বে ডেনমার্ককে পেছনে ফেলে ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্র-সহ ১৩ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্কটল্যান্ড। বাছাইপর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টার্টান আর্মিরা।

এবারের আসরে স্কটল্যান্ড খেলবে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপে। ১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২০ জুন মরক্কো এবং ২৫ জুন লাতিন জায়ান্ট ব্রাজিলের মুখোমুখি হবে স্টিভ ক্লার্কের শিষ্যরা।

বিশ্বকাপে অধিনায়ক অ্যান্ড্রু রবার্টসনই স্কটল্যান্ডের মূল ভরসা। লিভারপুলের হয়ে এই লেফট ব্যাক বর্তমানে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন। এছাড়া মাঝমাঠে অভিজ্ঞ জন ম্যাকগিন স্কটল্যান্ডের অন্যতম শক্তি। জাতীয় দলের হয়ে ৮৫ ম্যাচে ২০ গোল করা ম্যাকগিন এবারের প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মাঠ মাতাচ্ছেন।

গ্রুপ ‘এফ’-এ ব্রাজিল ও মরক্কো ফেবারিট হলেও অঘটন ঘটাতে প্রস্তুত স্কটল্যান্ড। ১৪ জুন হাইতির বিপক্ষে জয় এবং ২০ জুন মরক্কোকে আটকে দিতে পারলে, ব্রাজিলের বিপক্ষে নামার আগেই নকআউট নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত