leadT1ad

বিশ্বকাপ চলাকালেই কুকুরেয়া-সিলভাকে দলে ভেড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ। সংগৃহীত ছবি

ফুটবল ভক্তরা যখন ২০২৬ বিশ্বকাপে মেতে আছেন, তখন দলবদলের বাজারে বড় বড় চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।

সম্প্রতি ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ডাগআউটে ফিরেছেন ২০১১-১২ মৌসুমে রিয়ালকে ১০০ পয়েন্টের রেকর্ড উপহার দেওয়া পর্তুগিজ কোচ জোসে মরিনহো।

দায়িত্ব নিয়েই তাঁরা নেমে পড়েছেন দল পুনর্গঠনে। তারই অংশ হিসেবে গতকাল চেলসির স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়াকে ৬০ মিলিয়ন ইউরোর (প্রায় ৮৫৪ কোটি টাকা) বিনিময়ে দলে ভিড়িয়েছে রিয়াল। স্পেনের হয়ে বর্তমানে বিশ্বকাপ খেলতে থাকা এই ডিফেন্ডারকে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ নিতে চাইলেও রিয়ালের প্রস্তাবই বেছে নিয়েছেন তিনি।

বিনা খরচে বিশ্বমানের খেলোয়াড় দলে ভেড়াতে পেরেজের জুড়ি নেই, যার বড় উদাহরণ কিলিয়ান এমবাপ্পে। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়া ২৭ বছর বয়সী ফরাসি সেন্টার-ব্যাক ইব্রাহিমা কোনাতেকে ফ্রি-ট্রান্সফারে দলে ভিড়িয়েছে রিয়াল। গত দুই মৌসুমে দলের রক্ষণভাগের দুর্বলতা কাটাতে মরিনহোর অন্যতম পছন্দ ছিলেন তিনি।

অন্যদিকে, বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভাও ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছেন। টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর রিয়ালের মাঝমাঠ বেশ নড়বড়ে হয়ে পড়েছিল। কামাভিঙ্গা ও চুয়ামেনির গত মৌসুমের পারফরম্যান্সও আশানুরূপ নয়।

সিলভার আগমন তাই রিয়ালের মাঝমাঠের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে বলেই ধারণা ফুটবল বোদ্ধাদের।

দীর্ঘ এক দশক ধরে রিয়ালের রাইট-ব্যাক সামলানো অধিনায়ক দানি কারভাহাল এই মৌসুমে ক্লাব ছেড়েছেন। তাঁর শূন্যস্থানে ইন্টার মিলানের ৩০ বছর বয়সী ডাচ উইং-ব্যাক ডেনজেল ডামফ্রিসকে ২০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে রিয়াল।

ডেভিড আলাবা রিলিজড এবং কারভাহালের বিদায়ের পর রক্ষণভাগ ঢেলে সাজাতে চাচ্ছেন মরিনহো। এরই মধ্যে মাঝমাঠের জন্য চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের দিকেও নজর রাখছেন। এছাড়া সিরি-এ’তে পারফর্ম করা রিয়ালের সাবেক একাডেমি তারকা নিকো পাজকে ‘বাই-ব্যাক’ ক্লজে ফিরিয়ে আনতে চাচ্ছে রিয়াল।

Ad 300x250

সম্পর্কিত