রোনালদোর মতো ৪১ বছর বয়সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ৪১ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘ফ্রান্সের প্রেক্ষাপটে ৪১ বছর বয়সে জাতীয় দলে খেলা মোটেও সম্ভব নয়।’ ইতিমধ্যে তিনটি বিশ্বকাপ খেলে ফেলা এমবাপ্পে বড় ধরনের ইনজুরিতে না পড়লে হলে অন্তত আরও দুটি বিশ্বকাপ খেলতে পারবেন। তবে রোনালদোর মতো চল্লিশোর্ধ্ব বয়সে খেলাকে বাস্তবসম্মত ভাবছেন না তিনি।
পর্তুগিজ তারকার ফিটনেস ও মানসিক শক্তির প্রশংসা করে এমবাপ্পে বলেন, ‘ক্রিশ্চিয়ানো প্রমাণ করেছেন, শরীর ও মন প্রস্তুত থাকলে দীর্ঘ সময় নিজেকে সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রাখা যায়। কিন্তু আমার ক্ষেত্রে তেমন কিছু ঘটার সম্ভাবনা দেখছি না।’
সাক্ষাৎকারে গত বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখ থেকে মাইকেল ওলিসের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও নাকচ করেন এমবাপ্পে। ট্রান্সফার গুঞ্জন প্রসঙ্গে নিজের অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘পিএসজিতে থাকার সময় আমাকে নিয়েও অনেক গুজব রটেছে।’
.png)






