‘টার্গেট একটাই, ফাইনাল খেলে স্বর্ণপদক জয়’—এশিয়ান গেমস নিয়ে লিটন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৪
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের মঞ্চে মাঠে নামতে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলে স্বর্ণপদক জেতা। আজ (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের ইতিহাস আছে ২০১০ সালের গুয়াংজুতে। এবারও ক্রিকেট দলের ওপর প্রত্যাশা বেশি। তবে সেটিকে চাপ হিসেবে দেখছেন না লিটন। এ নিয়ে তিনি বলেন, ‘প্লেয়াররা এই টুর্নামেন্ট খেলতে খুবই আগ্রহী। এমন সুযোগ তো বারবার আসে না। আমাদের টার্গেট একটাই–ফাইনালে খেলে জয়ী হওয়া।’

এশিয়ান গেমসের আগে প্রস্তুতি নিয়ে লিটন বলেন, ‘আমাদের প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে। অনেক দিন পর আমরা দুইটা প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। প্রস্তুতি ক্যাম্পের মাধ্যমে দলের মধ্যে ভালো একটা বন্ডিংয়ের সুযোগ হয়েছে।’

২০২৮ সালের অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেট থাকবে। এ বিষয়ে লিটন বলেন, ‘অলিম্পিক সবাই খেলতে চায়। তবে, আপাতত এশিয়ান গেমসে ভালো খেলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।’

এশিয়ান গেমসের বাংলাদেশ দলে পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি নিয়ে লিটন বলেন, ‘সর্বশেষ দলে থাকা তিন পেস বোলিং অলরাউন্ডারই এখন চোটে আছেন। তবে কোচরা তরুণ কয়েকজনকে নিয়ে কাজ করছেন। আমি আশা করি এক থেকে দেড় বছরের মধ্যে তাঁদের কাছ থেকে ভালো ফল পাওয়া যাবে।’

সাম্প্রতিক সময়ে ফর্মে নেই লিটন। নিজের ব্যাটিং নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলেন, ‘রান করার জন্য চেষ্টা করছি। পরিশ্রম করছি। আশা করি ফর্মে চলে আসবো।’

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমিফাইনালে উঠতে পারলে পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। সেই ম্যাচ জিতলে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী দল ভারত।

ভারত এরই মধ্যে জাপানে গিয়ে প্রস্তুতি শুরু করেছে। তবে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট লিটন। টেলিভিশনে মেয়েদের ম্যাচ দেখে কন্ডিশন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন বলেও জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত