ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, জবির দুই নেতাকে শোকজ
স্ট্রিম সংবাদদাতাজগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়া দুই নেতা হলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি।
নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলায় দুই পক্ষের সংঘর্ষ হয়।
এসময় গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম শাওন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির আহত হন। তারা বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেন বলেন, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। দুজনের মাথায় আঘাত ছিল। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষের নেতার দাবি, সিনিয়র-জুনিয়র নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই সংঘর্ষ হয়।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি স্ট্রিমকে বলেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে পরিচয় না থাকায় এ ঘটনা ঘটেছে। তবে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেছি।
আরেক যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। বিষয়টি আমরা মিটমাট করে ফেলেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, সংঘর্ষের কারণ নিয়ে এখনো নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে বিস্তারিত জেনে তদন্তের প্রয়োজন হলে তদন্ত কমিটি করা হবে।
.png)


-40e58c.jpeg)
-48fd5f-256x144.webp)


