প্রধানমন্ত্রীর উদ্যোগে রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল
স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আজন্ম দৃষ্টিহীন চাকরিপ্রত্যাশী মো. শাকিল হোসেনকে নিয়োগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিতিতে রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শাকিল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের অসচ্ছল পরিবার থেকে উঠে আসা মেধাবী শাকিল আজন্ম দৃষ্টিহীন হলেও উচ্চশিক্ষার প্রতি আগ্রহের কারণে শিক্ষাজীবন সফলভাবে শেষ করেন।
পড়াশুনা শেষ করলেও কর্মসংস্থান না হওয়ায় শাকিল নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েন। তিনি কয়েকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও দৃষ্টির সীমাবদ্ধতার কারণে নিয়োগ থেকে বঞ্চিত হন।
সম্প্রতি শাকিলের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার জন্য জানান। এর ধারাবাহিকতায় শাকিলের যোগ্যতা বিবেচনা করে তাকে চাকরিতে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিয়োগপত্র দেওয়ার পর রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবির যে মানবিক ও সামাজিক দায় আছে, তারই প্রতিফলন মো. শাকিল হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কর্মজীবনের সাফল্য কামনা করে।
.png)






