ছাত্রদল সভাপতিকে অনুসরণ করতে নেতাকর্মীদের জবি উপাচার্যের অনুরোধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৮
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: সংগৃহীত
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, রাকিবের মতো দলকে ভালোবাসেন—এমন কর্মপাগল মানুষ তিনি খুব কম দেখেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে জবি শাখা ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক রইস উদ্দীন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের জবি শাখার সভাপতি ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

উপাচার্য বলেন, ছাত্রদলের কর্মীদের আমি শুধু একটু রিকুয়েস্ট করব, একটা মানুষকে শুধু ফলো করো—যে আমাদের মঞ্চে বসে আছে, রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। আমি যেটুকু দেখেছি, সকাল নেই, দুপুর নেই, রাত নেই—এমন কর্মপাগল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি।

তিনি বলেন, দলকে যে ভালোবাসে, কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস মেইনটেইন করে না, আবেগ মেইনটেইন করে না, দলের জন্য পাগল। তো ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ধারণ করতে হবে। কারো মঞ্জিল ইন্ডিয়া, কারো মঞ্জিল পাকিস্তান, কারো মঞ্জিল চীন। আমাদের মঞ্জিল একটাই—আমাদের ঠিকানা এই দেশ, এই মাটি।

উপাচার্য আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস, আমি দায়িত্ব নিয়েছি চার মাস। আমি আমার মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে যোগাযোগ রাখছি এই বিশ্ববিদ্যালয়ের ভাগ্য উন্নয়নের জন্য।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত