নতুন পে-স্কেলেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদেরকেও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহছানুল হক মিলন বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ন্যানোটেকনোলজি, রোবোটিক্সের মতো বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা ক্রস বর্ডার এডুকেশনের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। এটা চালু করতে পারলে আমাদের বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় হবে। পাশাপাশি ইনটেলেকচুয়াল প্রপার্টিও এ দেশে আমদানি করতে পারব।

২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন।

প্রথম পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ১৬টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী খুলনার জিয়া হল চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান বক্তা এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ বক্তা ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত