গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২৩: ৩৮
উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত
উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে জিএস হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ।

জিএস ঘোষণা হওয়ার পর উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে গঠিত তদন্ত কমিটি তাঁর ছাত্রত্বকে অবৈধ বলে প্রমাণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে ডাকসুর জিএস পদও বাতিল করা হয়। এরপর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে বিজয়ী ঘোষণা করা হয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উঠে আসে। পরে সিন্ডিকেটের দেওয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় তার ছাত্রত্ব বাতিল করা হয়।

২০১৯ সালের ডাকসু নির্বাচন

২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক নুর। ওই নির্বাচনে রাশেদ খাঁন ছিলেন নুরুল হক নুরের প্যানেলের জিএস প্রার্থী।

তবে জিএস পদে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট। দীর্ঘ সাত বছর পর গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তের পর ওই নির্বাচনের ফলের ভিত্তিতে রাশেদ খাঁনকে ডাকসুর জিএস হিসেবে ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত