‘মব জাস্টিস’ নিয়ে বিতর্কের মোশন বদলাতে রাকসুর বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৩: ১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যঙ্গাত্মক বিতর্কের মোশন পরিবর্তন করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই চাপ দিয়েছে বলে অভিযোগ শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাধন বিশ্বাসের।

তিনি বলেন, বিতর্কের আলোচনায় ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ প্রসঙ্গ রাখায় রাকসুর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। প্রসঙ্গটি বাদ না দিলে আর্থিক সহযোগিতা দেবে না বলা হয়েছে।

সূত্র জানায়, হল সংসদের উদ্যোগে ব্যঙ্গাত্মক বিতর্কের নির্ধারিত মোশন ‘সমস্যায় জর্জরিত বিশ্বে আমিই শ্রেষ্ঠ; অতএব জাতীয় স্বার্থে আমাকে অপসারণ করা যাবে না।’– এই মোশনকে কেন্দ্র করে ‘বিচারহীনতা ও মব জাস্টিস’সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্ক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই আয়োজনে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল।

বাধন বিশ্বাস জানান, আয়োজনের প্রস্তাবনা পর্যালোচনার পর রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর তাঁকে ফোন করেন। এ সময় প্রস্তাবনায় ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ বিষয়টি রাখা হলে রাকসু আর্থিক সহযোগিতা দেবে না জানান তিনি।

বাধন বিশ্বাস বলেন, ‘আমি প্রস্তাবনা পরিবর্তন করব না। এটাই চূড়ান্ত। রাকসু সহযোগিতা না দিলেও অনুষ্ঠানটি আয়োজন করব।’

রাকসুর পক্ষ থেকে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে ইমরান লস্কর বলেন, বিতর্ক প্রতিযোগিতায় রাকসুর সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নীতিমালা রয়েছে। আমরা যেসব ক্লাব ও হল ইউনিয়নকে সহযোগিতা করেছি, তাদের জানিয়ে দিয়েছি যেসব বিষয়ে বিতর্ক আয়োজন করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেসব বিষয় থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, অন্যান্য ক্লাব ও হল ইউনিয়ন রাকসুর নীতিমালা মেনে চললেও, শহীদ জিয়াউর রহমান হল সংসদ চূড়ান্ত আলোচনা ছাড়াই ব্যানার ও পোস্টার তৈরি করেছে।

ইমরান লস্কর বলেন, রাকসুর পক্ষ থেকে ওই আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছিল। তবে হল সংসদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ব্যানারে রাকসুর নাম না রাখার অনুরোধ জানায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত