কলেজে ভর্তি আগের নিয়মে, অর্ধেক আসন থাকবে খালি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা কলেজের প্রবেশদ্বার। ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারো প্রচলিত নিয়মে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এবার পাসের হার কম হওয়ায় কলেজগুলোর অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসির ফলাফল ঘোষণা-সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে আসন রয়েছে প্রায় ২৫ লাখ। গত বছর এসব আসনের ৫৮ দশমিক ৭ শতাংশ পূরণ হয়েছিল। অর্থাৎ ৪১ দশমিক ৩ শতাংশ খালি ছিল। এবার পাসের হার কম হওয়ায় শূন্য থাকা আসনের সংখ্যা আরও বাড়বে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭। ফলে উত্তীর্ণ হওয়া সব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও, অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত