ইরান যুদ্ধের ৩২তম দিন: ধ্বংসযজ্ঞের ভেতর নতুন কী ঘটছে

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
আল-জাজিরা ও দ্য গার্ডিয়ান

স্ট্রিম গ্রাফিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ৩২তম দিনে গড়িয়েছে। ইরানজুড়ে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা অব্যাহত রয়েছে। তেহরান ও ইসফাহানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৩০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত কোনো চুক্তি না হলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকার যুদ্ধের লক্ষ্য কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে।

ইরানের ভেতরের চিত্র

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর ওপর টোল বা শুল্ক বসানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সংসদীয় কমিশন। যুদ্ধের কারণে তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ ওই পথ কার্যত বন্ধ রয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, দ্রুত কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে তিনি ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি কেন্দ্র, তেলের কূপ এবং বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবেন।

আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানিয়েছেন, ইরানি নেতারা এখন পুরোপুরি যুদ্ধের দিকেই মনোযোগ দিচ্ছেন। আমেরিকার প্রতি তাঁদের গভীর অবিশ্বাস রয়েছে। তাঁরা মনে করেন, যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার জন্য ট্রাম্প প্রশাসন প্রস্তুত নয়। মোহাম্মদ ভাল আরও জানান, গত এক মাসের মধ্যে ৮৭তম বারের মতো আঞ্চলিক হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। ট্রাম্প দাবি করেছিলেন, তাঁরা ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। সাম্প্রতিক হামলা প্রমাণ করে আমেরিকার সেই দাবি মিথ্যা।

যুদ্ধকালীন কূটনীতি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার বেইজিং সফরে গেছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনা করবেন। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরই তিনি ওই সফরে গেলেন। গ্রুপ অব সেভেন (জি-৭) ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা জানিয়েছেন, জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে তাঁরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে এক বক্তব্যে ট্রাম্পের কাছে যুদ্ধ থামানোর আকুতি জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ কেউ থামাতে পারবে না। আপনি যুদ্ধ থামাতে আমাদের সাহায্য করুন, কারণ আপনার সেই ক্ষমতা আছে।

উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি

দুবাই বন্দরে অবস্থানরত ‘আল-সালমি’ নামের কুয়েতি তেলের ট্যাংকারের ওপর হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব জানিয়েছে, তাঁরা রিয়াদ এবং জ্বালানি সম্পদে ভরপুর পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ছোড়া অন্তত আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জেদ্দায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে সৌদি আরব, কাতার এবং জর্ডানের নেতারা গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

সংঘাতের আঁচ প্রতিবেশীদের গায়েও লাগছে। চারপাশের দেশগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বাহরাইন বিপদের সাইরেন বাজিয়েছে এবং বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি থেকে মার্কিন সেনাদের বিদায় নেওয়ার মোক্ষম সময় এখনই চলে এসেছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বেশিরভাগ যোগাযোগই পরোক্ষভাবে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে হচ্ছে। তবে বার্তা আদান-প্রদান এবং কিছু সরাসরি যোগাযোগও অব্যাহত রয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, ইরান যাই করুক না কেন, জলপথ সব সময় উন্মুক্ত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আমেরিকার যুদ্ধের লক্ষ্যগুলো মাসের পর মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হতে পারে। ইরানের বিমানবাহিনী এবং নৌবাহিনীর বড় অংশ ধ্বংস করার পর যুদ্ধ সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে দুই শতাধিক মার্কিন সেনা তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধের পক্ষে যুক্তি দিতে গিয়ে ধর্মীয় উসকানিমূলক কথাবার্তা ব্যবহার করছেন।

ইসরায়েলের যুদ্ধক্ষেত্র

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার জানিয়েছেন, ইরানের ওপর চাপানো যুদ্ধের অর্ধেকেরও বেশি লক্ষ্য তাঁরা অর্জন করে ফেলেছেন। কবে যুদ্ধ শেষ হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাঁরা তেহরানের ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়টি আইআরজিসি দ্বারা পরিচালিত হয়।

অন্যদিকে সোমবার ধেয়ে আসা বস্তুকে মাঝপথে প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে গিয়ে পড়ে। সেখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সংঘাতের আগুন লেবানন ও ইরাকেও ছড়িয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল জানিয়েছে, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটি আকাশে ধ্বংস করার পর তার শার্পনেল বা টুকরো একটি আবাসিক এলাকায় পড়ে। পুলিশের তথ্যমতে, সোমবার রাতের ওই ঘটনায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

হতাহতের খতিয়ান

যুদ্ধ শুরুর পর থেকে ৩০ মার্চ দুপুর পর্যন্ত হতাহতের এক ভয়াবহ চিত্র পাওয়া গেছে। ইরান, জাতীয় স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলোর তথ্যমতে, ইসরায়েল এবং আমেরিকার হামলায় দেশটিতে ১ হাজার ৯৩৭ জন প্রাণ হারিয়েছেন এবং ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন। লেবাননে ১ হাজার ২৩৮ জন নিহত ও ৩ হাজার ৫৪৩ জন আহত হয়েছেন। ফিলিস্তিনে ৪ জন এবং সিরিয়ায় ৪ জন নিহত হয়েছেন। জর্ডানে ২৯ জন আহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ২০ জন নিহত এবং ৬ হাজার ৮ জন আহত হয়েছেন। কুয়েতে ৭ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। বাহরাইনে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারে ১৬ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৭৮ জন আহত হয়েছেন। ওমানে ৩ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সৌদি আরবে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর ১৩ জন সদস্য নিহত এবং ২০০ জন আহত হয়েছেন।

তেল, খাদ্য ও গ্যাস সংকট

যুদ্ধ সরাসরি আমেরিকার অর্থনীতিতে আঘাত হানছে। অপরিশোধিত তেলের মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বাজারে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার পার হয়েছে।

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমন ঘটনা এই প্রথম দেখা গেল। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের কারণে দাম বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির চাপ সামলাতে নরওয়ে সাময়িকভাবে পেট্রোল ও ডিজেলের ওপর কর কমানোর ঘোষণা দিয়েছে। যুদ্ধের কারণে বাংলাদেশেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তাদের বাতি বন্ধ রাখা এবং এয়ারকন্ডিশনারের তাপমাত্রা বাড়িয়ে রাখার নির্দেশ দিয়েছে।

সম্পর্কিত