সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, এই বিক্রির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের প্রশাসন জানায়, এফ-৩৫ যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হলেও সৌদি আরবকে এগুলো সরবরাহ করলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন হবে না।

এদিকে এ ঘোষণার এক দিন আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বুধবার মারিব শহরের আকাশে বিমানটি ভূপাতিত করার দাবি করে তারা। এ ঘটনার একটি ভিডিওও প্রকাশ করেছে হুতিরা।

হুতিদের দাবি, ‘স্থানীয়ভাবে তৈরি’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে। সত্য হলে এটি ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতার বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। এত দিন সৌদি আরব সেখানে তুলনামূলকভাবে আকাশপথে আধিপত্য ধরে রেখেছে।

সৌদি আরব ও হুতিদের মধ্যে সাম্প্রতিক লড়াইয়ে বৃহস্পতিবার অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন শিশু।

চীন নিয়ে উদ্বেগ

সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগ চীনকে ঘিরে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, সৌদি আরবের সঙ্গে চীনের অংশীদারত্বের মাধ্যমে বেইজিং এফ-৩৫-এর সংবেদনশীল প্রযুক্তি সম্পর্কে তথ্য পেতে পারে।

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি এ কারণে চুক্তিটির বিরোধিতা করেছেন।

সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার চেষ্টা করছে। তবে মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র এফ-৩৫ ব্যবহারকারী দেশ ইসরায়েল এ বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

গত মাসে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে। এ চুক্তির মাধ্যমে ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে পারস্পরিক প্রতিরক্ষা জোরদারের চেষ্টা করছে দেশগুলো।

তুরস্কও একসময় এফ-৩৫ তৈরীর প্রজেক্টের সদস্য ছিল। তবে ২০১৯ সালে রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পর দেশটিকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত