ট্রাম্প বাড়তি শুল্ক চাপালে সম্পর্কে অবনতির হুঁশিয়ারি ভারতের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৫
ভারতের ওপর নতুন করে শুল্ক চাপালে দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতির হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। ছবি: সংগৃহীত
ভারতের ওপর নতুন করে শুল্ক চাপালে দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতির হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর বাড়তি শুল্ক চাপালে দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতির হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। একই সঙ্গে রাশিয়াসহ অন্যান্য উৎস থেকে তেল কেনা অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের এই অবস্থান তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বুধবার রাশিয়ার তেলের ক্রেতা দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি বিলের চূড়ান্ত অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে রুশ তেলের প্রধান ক্রেতা ভারত-চীনের মতো দেশগুলোর বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ভারত এই প্রতিক্রিয়া জানালো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাস হওয়া বিলটির বিষয়ে তাদের ধারণা আছে। সাম্প্রতিক মাসগুলোতে বিষয়টি নিয়ে বিভিন্ন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর সম্ভাব্য প্রভাবের কথা ‘খুব স্পষ্টভাবেই তুলে ধরেছে’।

বিবৃতিতে নিজেদের অবস্থা তুলে ধরে বলা হয়, ভারত তাদের জনগণের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। বাজারের সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন বিক্রেতার কাছ থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত থাকবে। বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের নতুন পাস হওয়া বিলের প্রভাব সামলাতে তারা শিল্প ও বাণিজ্য সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর রাশিয়ার ওপর বেশ কিছু পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর দেশটি জ্বালানি তেল বিক্রি করে তাদের বাজেট পূরণ করতে শুরু করে। আর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে ভারত তাদের অন্যতম শীর্ষ ক্রেতায় পরিণত হয়। বিপুল জনসংখ্যার দেশে সস্তা ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের যুক্তি দিয়ে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য কমানোর পশ্চিমা চাপ সবসময়ই এড়িয়ে গেছে দিল্লি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের দাবি, ভারতীয় শোধনাগারগুলো সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য রাশিয়া থেকে তেল কেনার বন্দোবস্ত সেরে রেখেছে।

ভারতের তেল শোধনকারী দুটি সূত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপ করলে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে। তাই বিষয়টি নিয়ে ভারত সরকার যেন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে।

রয়টার্সের সূত্রের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ববাজারের অস্থিতিশীলতার কারণে ইতোমধ্যে জ্বালানি তেল সরবরাহ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। শোধনাগারগুলো বর্তমানে বাজারমূল্যের চেয়ে কম দামে জ্বালানি বিক্রি করায় চরম ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় রুশ তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে তাদের মুনাফায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

ভারতের শোধনাগারগুলো সরকারকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ছাড় আদায়ের অনুরোধ জানিয়েছে। তারা চায় যেন ভারত একটি নির্দিষ্ট কোটায় রাশিয়া থেকে তেল আমদানি বজায় রাখতে পারে।

এদিকে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের হুমকি ভারত-যুক্তরাষ্ট্রের চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনাকে অত্যন্ত জটিল করে তুলতে পারে। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া অনিশ্চিত করে দিতে পারে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত