হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৫
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে বাংলাদেশ। ছবি: বিওএ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে বাংলাদেশ। ছবি: বিওএ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের হকি প্রতিযোগিতায় হার দিয়ে শুরু করল বাংলাদেশ। ‘পুল এ’-তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হারে লাল-সবুজের দল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে খেলে কোরিয়া। প্রথম কোয়ার্টারে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে গোল পায় কোরিয়া। ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে নেন ব্যাএ সউং মিন। ২১ মিনিটেই আবারও ব্যবধান দ্বিগুণ করেন সিয়ং। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে লি গ্যাংসাং দলকে ৩-০ গোলে এগিয়ে নেন।

তৃতীয় কোয়ার্টারের শুরুর দ্বিতীয় মিনিটে কোরিয়ার অধিনায়ক ইয়াং জিহুন পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর তৃতীয় কোয়ার্টারে কোন দল আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে কোরিয়া ডিফেন্স লাইন ভেঙে একেরপর এক আক্রমণ চালালেও সেটি প্রতিহত করতে থাকে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব। তবে ম্যাচের শেষ দিকে ৫৮ মিনিটে গোল করে ৫-০ গোলের জয় নিশ্চিত করেন সিম জ্যাওন।

ম্যাচে বাংলাদেশ দুটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে ব্যর্থ হয়।

আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ পরবর্তী ম্যাচ জাপানের বিপক্ষে। ‘পুল এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা।

এবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ীরা সরাসরি সুযোগ পাবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। আর চ্যাম্পিয়ন হতে না পারা দলগুলোর অলিম্পিক স্বপ্ন টিকে থাকবে বাছাইপর্বে।

টুর্নামেন্টের সপ্তম স্থান পর্যন্ত সেরা ছয়টি দল ২০২৮ এফআইএইচ অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ হবে এই বাছাইপর্ব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত