রাশিয়া-চীনের ভেটোতে আটকে গেল ইরানের ওপর পর্যবেক্ষণের প্রস্তাব

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪১
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ছবি: সংগৃহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ছবি: সংগৃহীত

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর ভেটোর মুখে পড়ে। খবর আল-জাজিরার।

প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১১ সদস্য ভোট দেয়। পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত ছিল। তবে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি।

পশ্চিমা দেশগুলো ইরানকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর গত বছর দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। ইরান অবশ্য পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বা ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তা নিয়ে প্রতিবেদন দিতে ২০২৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল পুনর্বহাল করেছিল। নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপের সুপারিশ করার ক্ষমতাও তাদের ছিল। তবে সদস্যদেশগুলোর মতবিরোধের কারণে ওই বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

ভোটের পর জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পশ্চিমা দেশগুলোকে ইরান ইস্যুতে ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, এসব কর্মকাণ্ড পারস্য উপসাগরীয় সংকট সমাধানের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জেনিফার লোসেটা বলেন, স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল না থাকায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে একটি বড় ঘাটতি তৈরি হচ্ছে।

তার দাবি, এতে ইরান এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যারা লাভবান হচ্ছে, তারা সুবিধা পাচ্ছে।

ইরানের জাতিসংঘ মিশন রাশিয়া ও চীনকে ধন্যবাদ জানিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ‘স্ন্যাপব্যাক’(ভেটো ছাড়াই আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করা) ব্যবস্থা চালু করার পর ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হয়। এর ফলে ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা পরিষদের আগের ছয়টি নিষেধাজ্ঞার প্রস্তাবও কার্যকর হয়।

এদিকে ইরানের পরমাণু বিভাগের প্রধান মোহাম্মদ ইসলামিকে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদ তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এ ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অস্ট্রিয়া ইসলামির ভিসা বাতিল করে দেয়। এরপর তিনি ও তার প্রতিনিধিদল পাঁচ দিনব্যাপী সম্মেলনে অংশ নেওয়ার সফর বাতিল করতে বাধ্য হন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত