ইরানের ভাণ্ডারে নতুন অস্ত্র, চমকে দেওয়ার হুঁশিয়ারি
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এ কথা জানান।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক আক্রমণ চালালে ইরানের প্রতিরক্ষা এবং পাল্টা আক্রমণ কৌশলে পরিবর্তন আসবে। যুদ্ধের ভৌগোলিক পরিধি বদলে দেওয়া হবে এবং নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুক্ত হবে। এমন সব অস্ত্র নিয়ে হাজির হব যা দেখে বিশ্ববাসী বিস্মিত হবে।’
মোহেব্বি আরও বলেন, ‘এবার এমন সব স্থানে আঘাত হানা হবে যেখানে আগে কখনো হামলা হয়নি।’
আইআরজিসি মুখপাত্র দাবি করেন, চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক পরাজয় বরণ করেছে। কিন্তু এই অপমান মেনে নেওয়ার সাহস ট্রাম্প প্রশাসনের নেই।
তিনি দাবি করেন, এত তোড়জোড় করেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুনরায় চালু করতে পারেনি। এটিই তাদের পরাজয়ের বড় প্রমাণ।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি প্রসঙ্গে মোহেব্বী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই ঘাঁটিটিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এখন এই ঘাঁটিগুলোই তাদের অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং উত্তর ইরাকে থাকা মার্কিন গোয়েন্দা কেন্দ্রগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
মোহেব্বির মতে, এসব সফল হামলা প্রমাণ করেছে যে মার্কিন স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)
-3f0d26.jpeg)





