ইউক্রেনে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার হামলায় নিহত ১০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের উপকণ্ঠে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০০ জন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শুক্রবার দিনের বেলায় চালানো এই হামলায় ড্রোন প্রযুক্তি প্রদর্শনীর স্থানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর প্রদর্শনীতে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্তনভ ও সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়ন প্রকল্পে যুক্ত লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে তাঁরা দুজনই সামাজিক মাধ্যমে নিজেদের নিরাপদ থাকার কথা জানান।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, হামলায় রাশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে একটি ভূপাতিত করতে সক্ষম হয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

হামলার কথা জানিয়েছে রাশিয়াও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, প্রদর্শনীতে রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্যবহৃত ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছিল। সেখানে ইউক্রেনের ড্রোন নির্মাতা, ড্রোন বাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে মস্কো।

এ ঘটনায় ইউক্রেনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ চলাকালে এত বড় জনসমাগমের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর প্রদর্শনীর অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তদন্ত শুরু করেছে।

একই দিনে পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উত্তরাঞ্চলের সুমি শহরে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

এদিকে শুক্রবার রাশিয়ার কিরভ শহরের একটি সামরিক কারখানায় ইউক্রেন পাল্টা হামলা চালানোর দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেলেনস্কি বলেন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য যন্ত্রাংশ উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

একই দিনে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একাধিক গুদামেও হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, এসব গুদাম সামরিক সরঞ্জাম সরবরাহের লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি আরও দাবি করেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ওপর রাশিয়া আরেকটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে জেলেনস্কির। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে স্থবির হয়ে পড়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

Ad 300x250

সম্পর্কিত