ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটিতে বিধ্বস্ত এফ-৩৫ বি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করায় প্রাণে বেঁচে গেছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন কর্পস। খবর আলজাজিরার।

শুক্রবার (৩১ জুলাই) সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

মেরিন কর্পস এক বিবৃতিতে জানায়, পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল।

একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ ঘিরে সামরিক বাহিনী ও দমকল বিভাগের সদস্যরা কাজ করছেন।

সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখানে আশপাশের ঝোপঝাড়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

মিরামার বিমানঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিখ্যাত ফাইটার পাইলট প্রশিক্ষণকেন্দ্র ছিল। জনপ্রিয় টপ গান চলচ্চিত্রে এই ঘাঁটির চিত্র তুলে ধরা হয়েছিল। ১৯৯৬ সালে ঘাঁটিটি মেরিন কর্পসের অধীনে যাওয়ার পর প্রশিক্ষণকেন্দ্রটি নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের এক বিশ্লেষণ অনুযায়ী, দেশটির মেরিন কর্পস, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে সব মিলিয়ে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে।

এফ-৩৫ বি এই যুদ্ধবিমানের একটি বিশেষ সংস্করণ। এটি স্বল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণ করতে পারে। এই বিমানের দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে জুনে। ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে একটি বি-৫২ বোমারু বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে বিমানটির আট আরোহীর সবাই নিহত হন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত