টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে মহাসড়কের পাশে কুপিয়ে হত্যা
স্ট্রিম সংবাদদাতাটাঙ্গাইল

টাঙ্গাইলে সদর উপজেলায় সুরমান আলী (৪৫) নামে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দরুন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুরমান আলী সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের আবু হানিফের ছেলে। তিনি গালা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমান আলী বিগত ইউপি নির্বাচনে পরাজিত হবার পর মালয়েশিয়ায় গিয়েছিলেন। বছর দেড়েক আগে তিনি দেশে ফেরেন। তিনি প্লাম্বিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তার জানা মতে সুরমানের কোনো শত্রু ছিল না। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, সেটা তার বোধগম্য হচ্ছে না।
ঘটনাস্থল থেকে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, সুরমান আলী মোটরসাইকেলে মহাসড়কের পরিত্যক্ত পাম্পের সামনে পৌঁছে। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সহকারী পুলিশ সুপার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’
.png)



-94608d-256x144.webp)


