তিন বছরের কম সময়ে ৬০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন: জাতিসংঘ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৩
আফগান শরণার্থী। ছবি: সংগৃহীত
আফগান শরণার্থী। ছবি: সংগৃহীত

তিন বছরেরও কম সময়ে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানায়, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার ঘটনা দেখা যায়নি। সংস্থাটি বলেছে, সব ধরনের প্রত্যাবর্তনই যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি।

ফিরে যাওয়া আফগানদের বিষয়ে ইউএনএইচসিআর বিস্তারিত তথ্য দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের বড় একটি অংশ প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে দেশে ফিরেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুনে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ ধাপে ধাপে আফগানদের দেশে ফেরানোর কর্মসূচি শুরু করার পর ৪ লাখের বেশি আফগান নাগরিক দেশে ফিরেছেন।

ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকে প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন।

১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে বিপুলসংখ্যক মানুষ পালিয়ে যান। পরবর্তী বছরগুলোতে যুদ্ধ ও অস্থিতিশীলতার কারণে আরও অনেক আফগান পাকিস্তানে আশ্রয় নেন। এরপর থেকে দেশটি লাখো আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে।

জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে এখনো ৭ লাখ ৭৭ হাজারের বেশি নথিভুক্ত আফগান শরণার্থী বসবাস করছেন। এ ছাড়া অবৈধভাবে বসবাসকারী আফগানদের সংখ্যা ১০ লাখের বেশি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত