ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি শতভাগ বাড়াল বিসিবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংগৃহীত ছবি
সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সংগৃহীত ছবি

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘দেশের প্রায় ১৫০ থেকে ২০০ ক্রিকেটারের কথা চিন্তা করে শতভাগ বা তারও বেশি ম্যাচ ফি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী পুরুষদের প্রথম শ্রেণির চার দিনের ম্যাচের ফি বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া একদিনের ম্যাচে ৫০ হাজার টাকার ফি বাড়িয়ে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৪০ হাজার টাকার ফি বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই সুবিধার বাইরে থাকবে।

একই সঙ্গে নারী ক্রিকেটারদের ফি বাড়িয়ে ৩ দিনের ম্যাচে ৪০ হাজার টাকা, ওয়ানডেতে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে।

ম্যাচ ফি বৃদ্ধির পাশাপাশি ম্যাচের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানান বিসিবি প্রধান। তামিম ইকবাল বলেন, নতুন কাঠামোয় বেতন ও ম্যাচ ফি মিলিয়ে একজন ঘরোয়া ক্রিকেটার বছরে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।

ভবিষ্যতে ফি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘২ বছর পর এই কাঠামো আবার রিভিউ (পর্যালোচনা) করা হবে। বিসিবির অবস্থান যদি ভালো থাকে, আয় যদি আরও বাড়ে, আমরা ম্যাচ ফিও বাড়াব।’

বিপিএল স্থগিতের বিষয়ে তিনি বলেন, শুধু আর্থিক ক্ষতির কারণে বিপিএল স্থগিত হয়নি। বিগত দুই-তিন বছরে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি ছাড়া খেলা এবং খেলোয়াড়, হোটেল ও পরিবহনের বকেয়া পরিশোধ না করার মতো নানা অনিয়ম ঘটেছে। সব পক্ষকে সঙ্গে নিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে বোর্ড।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত