জার্মানিতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র বন্ধ

জবাবে রাশিয়ায় গ্যেটে ইনস্টিটিউট বন্ধ করলো মস্কো

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

বার্লিনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের পাল্টা রাশিয়ায় গ্যেটে-ইনস্টিটিউটের তিনটি শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে মস্কো। জার্মান ভাষা ও সংস্কৃতি প্রচারের এই প্রতিষ্ঠানের শাখাগুলো মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবুর্গে অবস্থিত। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের ফাঁকে জ্ঞান সোসাইটির আয়োজিত এক বক্তৃতায় লাভরভ বলেন, জার্মানির সিদ্ধান্তের জবাবেই রাশিয়ায় গ্যেটে-ইনস্টিটিউটের শাখাগুলো বন্ধ করা হবে।

লাভরভ বলেন, ‘মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবুর্গে গ্যেটে-ইনস্টিটিউটের শাখা রয়েছে। অবশ্যই সেগুলো বন্ধ করে দেওয়া হবে, কারণ আমাদের সাংস্কৃতিক কেন্দ্রকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে।’

গত ১ সেপ্টেম্বর বার্লিনে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের কার্যক্রম পরিচালনার চুক্তি বাতিলের ঘোষণা দেয় জার্মান সরকার। আগস্টের শুরুতে লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জার্মানির দাবি, ওই ড্রোন রাশিয়ার ব্যবহৃত ড্রোনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। ঘটনাটির জন্য মস্কোকে দায়ী করে বার্লিন। এ কারণেই রুশ সাংস্কৃতিক কেন্দ্রটির কার্যক্রমের আইনি ভিত্তি হিসেবে থাকা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় দেশটি।

তবে লাইপজিগ বিমানবন্দরের ওই ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লাভরভ। তিনি বলেন, জার্মান কর্তৃপক্ষ শুধুই ধারণার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

লাভরভ বলেন, জার্মানির সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের পর দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যেও রাশিয়ায় চলতে থাকা জার্মান সাংস্কৃতিক উপস্থিতির অবসান ঘটল।

এদিকে বার্লিনে রুশ দূতাবাস জার্মানির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা ঘটনাটিকে ‘উসকানি’ হিসেবে বর্ণনা করে বলেছে, জার্মানির নেওয়া পদক্ষেপ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর উত্তেজনা তৈরি করেছে।

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত