ইতালির বিদ্যালয়ে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: সংগৃহীত

বিদ্যালয়ে বোরকা ও নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। একইসঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা হবে। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরা

নিজের দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে মেলোনি বলেন, প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ কতজন বিদেশি শিক্ষার্থী থাকতে পারবে, তা আইনি কাঠামোর আওতায় আনা হবে। এ বিষয়ে শিগগির মন্ত্রিসভায় একটি প্রস্তাব তোলা হবে। পাশাপাশি স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করার বিষয়ও এই প্রস্তাবে রাখা হয়েছে।

যেসব বিদেশি শিক্ষার্থী ইতালির শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে বড় ধরনের সমস্যায় পড়েন, তাদের মা-বাবার জন্যও ইতালীয় ভাষার পাঠ বাধ্যতামূলক করা হবে বলে জানান মেলোনি। তিনি বলেন, ‘কেউ ইতালিতে এসে এখানে নিজের ভবিষ্যৎ গড়তে চাইলে তাঁকে আমাদের ভাষা শিখতে হবে। আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদের নিয়মকানুনকে সম্মান করতে হবে।’

এর আগে জুলাইয়ে বিদ্যালয়ে বোরকা ব্যবহারে কড়াকড়ি আরোপের দাবি তুলেছিল ন্যাশনাল ফিউচার (এফএন) পার্টি।

ইতালির কোনো বিদ্যালয়ে বা জনসমাগমস্থলে সরাসরি বোরকা নিষিদ্ধ করে এমন সুনির্দিষ্ট আইন নেই। তবে ১৯৭৫ সালের একটি আইনে হেলমেট বা এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা কোনো যৌক্তিক কারণ ছাড়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা কঠিন করে তোলে।

পরে ২০০৮ সালের একটি রায়ে বলা হয়, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরা যেতে পারে। তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে মুখ দেখাতে হবে।

মেলোনির ক্ষমতাসীন জোটের অংশ অভিবাসনবিরোধী লিগ পার্টি চলতি বছরের শুরুতে একটি বিল উত্থাপন করে। এতে খেলাধুলার অনুষ্ঠান বা উপাসনালয়ের মতো নির্দিষ্ট কিছু পরিস্থিতি ছাড়া হেলমেট বা এমন পোশাক পরা নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়।

ইতালির আইনে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত রাখার নিয়ম আগে থেকেই রয়েছে। তবে এই নিয়মে ঠিক কী পরিবর্তন আনা হবে, তা স্পষ্ট করেননি মেলোনি।

দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএসটিএটি) তথ্যে, ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি। ২০১০ সাল থেকেই প্রতিটি ক্লাসে ও স্কুলে বিদেশি শিক্ষার্থীর হার সর্বোচ্চ ৩০ শতাংশে রাখার নিয়ম চালু আছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত