
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল মিয়া (৪০) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান জয়নাল মিয়া। জামিনের পর মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনরা। তবে কারাগার কর্তৃপক্ষের কাছে জামিনের কাগজপত্র পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হলো।
জয়নাল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁওয়ের বেগমপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। একই গ্রামের কলেজছাত্র মনজুর মিয়া হত্যা মামলার আসামি ছিলেন তিনি।
শনিবার রাতে কারাগারের বন্দি কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জয়নাল মিয়া। কারা কর্তৃপক্ষ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, বেগমপুরে একটি সরকারি জমি নিয়ে খলিলুর রহমান ও হেলাল আহমেদের দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছর ১৯ এপ্রিল তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলুর রহমানের ছেলে ও নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মনজুর মিয়া (২৪) নিহত হন। এ ঘটনায় ওই দিন জয়নাল মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর প্রায় পাঁচ মাস তিনি কারাগারে ছিলেন।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)






