বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে শোকজ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২৩: ৩৯
বরিশাল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‍্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের নোটিশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে।

মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—এস এম সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন—মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ববির শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগে দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাটার খালপাড় এলাকার একটি পরিত্যক্ত ভবনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। সেখানে র‍্যাগিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি এক নবীন শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সুস্মিতা রায়কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি শৃঙ্খলা বোর্ডে ওঠে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ জানান, ‘দুটি ঘটনায় তদন্তের পর ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত