কুমিল্লায় কিশোর গ্যাং: রাতভর অভিযানে আটক ৬২৪, থানায় হট্টগোল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুমিল্লা

কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়। ছবি: সংগৃহীত
কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। নগরীর বিভিন্ন স্থানসহ বখাটেদের উৎপাত রয়েছে এমন এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দাউদকান্দি থানায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত চেয়ার।
দাউদকান্দি থানায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত চেয়ার।

এদিকে দাউদকান্দি উপজেলায় ২৮ কিশোরকে আটকের পর থানায় হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে আটক কিশোরদের কয়েকজন চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করে বের হয়ে যায়। এ সময় থানার সামনে লোকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং এই হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিভাবকদের দাবি, আটক কিশোরদের বেশির ভাগের বিরুদ্ধে অপরাধের কোনো পূর্বরেকর্ড নেই। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যদের দাবি, আটক ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্য।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। স্বজনেরা একসঙ্গে থানায় আসায় কিছুটা ভিড় তৈরি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ছয়জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজের এক দিন পর কুমিল্লার কোটবাড়ির লালমাই পাহাড় থেকে উদ্ধার করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ। আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই নৃশংস ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দেয় এবং দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত