মাদারীপুরে মসজিদের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাদারীপুর

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৭
বিস্ফোরনে ক্ষতিগ্রস্থ কক্ষ। সংগৃহীত ছবি
বিস্ফোরনে ক্ষতিগ্রস্থ কক্ষ। সংগৃহীত ছবি

মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আসরের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়ার কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির ক্ষয়ক্ষতি দেখতে পান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম মোহাম্মদ আকাশ দুই দিন আগে ছুটিতে বাড়িতে চলে যান। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। কক্ষটির চাবি মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে ছিল।

স্থানীয়দের দাবি, কক্ষের ভেতরে আগে থেকেই কোনো বিস্ফোরক রাখা থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে বিস্ফোরক রেখেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, স্থানীয় কয়েকজনের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতির অংশ হিসেবে আকন বংশের লোকজন মসজিদের ভেতরে বোমা রেখেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাকিম আকন।

হাকিম আকন বলেন, ‘মসজিদের মতো পবিত্র স্থানে কে বা কারা বোমা রেখেছে, আমরা জানি না। আমাদের ফাঁসানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ‘ইমামের থাকার কক্ষে কে বা কারা বিস্ফোরক রেখেছে, তা আমরা জানি না। নামাজের সময় বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা এবং কেন বোমা রেখেছে, তা তদন্তের পর জানা যাবে। এটি নাশকতার ঘটনা কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত