পিআইবি মহাপরিচালকের বিরুদ্ধে মানববন্ধন, নেপথ্যে চাকরিচ্যুতরা!
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কয়েকজন। তবে পিআইবি কর্তৃপক্ষ বলছে, আর্থিক অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা এই মানববন্ধনের নেপথ্যে রয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনের অনুলিপি পাঠ করে শোনানো হয়। মানববন্ধনের আশপাশে পিআইবির চাকরিচ্যুত সহকারী হিসাবরক্ষক আলী হোসেনকে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলতে ও নির্দেশনা দিতে দেখা যায়।
মানববন্ধনের পর শনিবার বিকেলে পিআইবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত ব্যক্তিরাই ভাড়াটে লোক দিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই মানববন্ধন করিয়েছেন।
পিআইবি সূত্র জানায়, পিআইবির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ৫ কোটি ৩৫ লাখ টাকা একটি ব্যাংক থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম সুদে অন্য ব্যাংকে রাখার মাধ্যমে মুনাফা আত্মসাতের অভিযোগ ওঠে আলী হোসেনের বিরুদ্ধে। কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পিআইবির মাসিক সমন্বয় সভায় ও পরে পরিচালনা পর্ষদে তোলা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সূত্র বলছে, আলী হোসেন এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও কর্মরত ছিলেন। সেখানেও আর্থিক অনিয়মের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে জানা গেছে।
পিআইবি কর্তৃপক্ষ বলছে, এই মানববন্ধনের আয়োজনের সঙ্গে আলী হোসেন ছাড়াও ফরিদ উদ্দিন নামের অপর এক কর্মকর্তা যুক্ত আছেন। এর আগে মহাপরিচালকের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পিআইবি। এ বিষয়ে মন্ত্রণালয়ে বিভাগীয় তদন্ত চলছে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘যাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে চলমান বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।’
.png)






