ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব
স্ট্রিম প্রতিবেদক

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ বা ছয় ধাপে উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে এবং চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। বিশৃঙ্খলা এড়াতে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সবগুলোতে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চলতি সপ্তাহেই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের সামগ্রিক তফসিল কমিশন চূড়ান্ত করে পরে ঘোষণা করবে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধিমালার সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে, যেখানে নির্বাচনী প্রচারণায় পোস্টার না রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচন কভার করতে সাংবাদিকদের কার্ড দেওয়ার নীতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
.png)






