মির্জা ফখরুলকে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২০: ৩৯
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। সংগৃহীত ছবি
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। সংগৃহীত ছবি

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।

দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে। বার্তায় ভারত ও বাংলাদেশের মধ্যকার আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক ও গভীর বন্ধুত্বের কথা স্মরণ করেন তিনি।

মুর্মু বলেন, সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, কানেক্টিভিটি, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত হয়েছে। দুই প্রতিবেশী দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তাঁর বার্তায় বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ অগ্রগতির ধারা বজায় রাখবে এবং জনগণের কল্যাণে কাজ করে যাবে। তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক শিকড় জড়িয়ে রয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক ধারাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি বলেন, এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে বড় সুযোগ তৈরি করবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মির্জা ফখরুলকে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন