মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন ৬ জন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী হিসেবে শপথ নেন– ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রীর শপথ নেন– শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব নিলেন।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হিসেব শপথ নেন শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রী হিসেব শপথ নেন শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রী হওয়া ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তাঁর দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।

সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। গত সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে নির্বাচিত হন তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এই সংসদ সদস্য বর্তমান সরকারের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রীর শপথ নেওয়া শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য। আর হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০ জন।

শুক্রবার ছয়জন শপথ নিলেও মন্ত্রিসভায় নতুন মুখ চারজন। ফলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য বেড়ে হলো ৫৬। বাকি দুজনের মধ্যে একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী এবং অন্যজন উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হলেন। আর মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছেন ৯ জন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন ৬ জন