কেন পড়ব সিরাত

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৩: ১৬
হজরত মুহাম্মাদ (সা.) ছিলেন আল্লাহর প্রিয় রাসুল, আর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। সংগৃহীত ছবি
হজরত মুহাম্মাদ (সা.) ছিলেন আল্লাহর প্রিয় রাসুল, আর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। সংগৃহীত ছবি

হজরত মুহাম্মাদ (সা.) ছিলেন আল্লাহর প্রিয় রাসুল, আর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। কিন্তু তাঁর জীবন শুধু ইবাদত ও আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন স্বামী, পিতা, প্রতিবেশী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসংস্কারক, রাষ্ট্রনায়ক ও সেনাপতি। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যের সময় যেমন তিনি দেখেছেন, তেমনি দেখেছেন নির্যাতন, বয়কট, প্রিয়জন হারানোর বেদনা, হিজরত ও যুদ্ধের কঠিন সময়।

প্রতিটি ভূমিকায়, প্রতিটি পরিস্থিতিতে তাঁর চরিত্রে ফুটে উঠেছে অনন্য সৌন্দর্য। সত্যবাদিতা ও আমানতদারিতা, বিনয় ও মমতা, ন্যায় ও দৃঢ়তা, ক্ষমা ও উদারতা। পরিবার থেকে সমাজ—জীবনের প্রতিটি পরিসরে তিনি রেখে গেছেন উত্তম আচরণ ও দায়িত্বশীলতার অনুপম দৃষ্টান্ত।

এমন একটি জীবন শুধু মুগ্ধ হয়ে দেখার জন্য নয়। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় মানুষের জন্য একেকটি শিক্ষা। কীভাবে সত্যের ওপর অবিচল থাকতে হয়, কীভাবে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হয়, কীভাবে ক্ষমতা ও সামর্থ্যের ব্যবহার করতে হয়, আর কীভাবে প্রতিকূলতার মধ্যেও আল্লাহর ওপর আস্থা রেখে এগিয়ে যেতে হয়।

রাসুল (সা.)-এর এই পূর্ণাঙ্গ জীবনকে জানার অন্যতম প্রধান মাধ্যম হলো—সিরাত অধ্যয়ন। নবী (সা.)-এর জীবনচরিতকে সিরাত বলে। জীবনীগ্রন্থগুলোর মধ্যে পৃথিবীতে সম্ভবত মহানবীর জীবননির্ভর বই সবচেয়ে বেশি লেখা হয়েছে।

সিরাত পাঠের প্রয়োজনীয়তা

মানুষ নিজেকে গড়ে তোলে কোনো না কোনো আদর্শকে সামনে রেখে। একজন ভালো মানুষকে কাছ থেকে দেখা, তার জীবন ও আচরণ থেকে শেখা নিজেকে সংশোধন ও উন্নত করার অন্যতম সহজ পথ। কারণ নিজের ভুল ও সীমাবদ্ধতা আমরা সবসময় নিজের চোখে দেখতে পাই না। আর মুসলমানের জন্য সেই আদর্শের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপ রাসুল (সা.)-এর জীবন। কুরআন তাই ঘোষণা করেছে, “তোমাদের জন্য রাসুল (সা.)-এর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সুরা আহজাব)।

তাই সিরাত পাঠ মানে কেবল রাসুল (সা.)-এর জীবনের ঘটনা জানার জন্য নয়। বরং তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে নিজেদের চরিত্র সুন্দর করতে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হয়, জীবনের নানা ক্ষেত্রে ভারসাম্য রাখতে হয় এবং কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রেখে দৃঢ় থাকতে হয়। এই অর্থে সিরাত পাঠ জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে সুন্দর ও পরিণত করে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

কুরআনকে বোঝার জন্য

কুরআনকে ভালোভাবে বোঝার জন্য সিরাত অধ্যয়ন অতীব জরুরি। কুরআন আমাদের বিশ্বাস, ইবাদত, নৈতিকতা ও জীবনযাপনের নানা বিষয়ে নির্দেশনা দিয়েছে। কিন্তু সেই নির্দেশনাগুলো বাস্তব জীবনে কীভাবে পালন করতে হয়, তার সবচেয়ে পূর্ণাঙ্গ নমুনা আমরা পাই রাসুল (সা.)-এর জীবনে।

রাসুল (সা.) তাঁর কথা, কাজ, আচরণ ও সিদ্ধান্তের মধ্য দিয়ে কুরআনের শিক্ষার বাস্তব রূপ দিয়েছেন। হজরত আয়েশা (রা.)-কে যখন রাসুল (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন, “তাঁর চরিত্রই ছিল কুরআন।” (সহিহ মুসলিম)

রাসুল (সা.)-কে অনুসরণ করার জন্য

রাসুল (সা.)-কে ভালোবাসা একজন মুসলমানের ঈমানের স্বাভাবিক দাবি। কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে প্রিয়জনের পথ অনুসরণ করতেও উদ্বুদ্ধ করে। তাই কুরআনে আল্লাহ বলেছেন, “তোমরা যদি আল্লাহকে ভালোবাস, তবে নবী (সা.)-কে অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন।” (সুরা আলে ইমরান)

রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার দাবি তাই শুধু তাঁকে স্মরণ করা বা তাঁর প্রশংসা করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তাঁর জীবন ও আদর্শকে নিজের জীবনে ধারণ করার মধ্যেই তার পূর্ণতা।

আর সেই অনুসরণের জন্য আগে তাঁকে জানতে হবে। তিনি কীভাবে ইবাদত করেছেন, মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব কীভাবে পালন করেছেন, আনন্দ-বেদনা ও সংকটের সময় কীভাবে নিজেকে সামলেছেন। এসব না জানলে তাঁর আদর্শ অনুসরণ করা কঠিন। সিরাত আমাদের সেই জীবনকে জানার সুযোগ করে দেয়।

চরিত্র গঠনের জন্য

মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে। জ্ঞান, সম্পদ, ক্ষমতা কিংবা খ্যাতি মানুষকে পরিচিত করতে পারে। কিন্তু সুন্দর চরিত্রই তাকে মর্যাদার আসনে বসায়। একজন উত্তম মানুষের জীবন তাই আমাদের শুধু অনুপ্রাণিত করে না, নিজের চরিত্রকে সুন্দর করে তোলার পথও দেখায়।

রাসুল (সা.)-এর জীবনে সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, বিনয়, সাহস, ক্ষমাশীলতা ও সহমর্মিতা সবকিছুই ছিল বাস্তব জীবনের অংশ। তিনি শুধু মানুষকে সত্য কথা বলার শিক্ষা দেননি, নিজ জীবনে সত্যবাদিতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা শত্রুরাও অস্বীকার করতে পারেনি। তিনি শুধু ক্ষমার কথা বলেননি, নিজের ওপর জুলুম করা মানুষকেও ক্ষমা করে দেখিয়েছেন ক্ষমার সৌন্দর্য। এজন্যই পবিত্র কুরআনে তাঁকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। (সুরা কলম)

সম্পর্কগুলো সুন্দর করার জন্য

মানুষ একা বাঁচতে পারে না। পরিবার, আত্মীয়তা, প্রতিবেশী, বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক সবকিছু মিলেই তার জীবন। অথচ মানুষের জীবনের বড় একটি সংকট তৈরি হয় এই সম্পর্কগুলো ঘিরেই। রাসুল (সা.)-এর জীবন আমাদের শেখায়, একজন ভালো মানুষ হওয়া শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাও তার গুরুত্বপূর্ণ অংশ। তিনি ছিলেন পরিবারের প্রতি স্নেহশীল, শিশুদের প্রতি মমতাময়, প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল, বন্ধুদের প্রতি আন্তরিক এবং দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল।

একজন স্বামী তাঁর কাছ থেকে শিখতে পারেন দাম্পত্য জীবনের সৌন্দর্য। একজন পিতা শিখতে পারেন সন্তানের প্রতি কর্তব্য। একজন সন্তান শিখতে পারেন বাবা-মায়ের প্রতি দায়িত্ব। একজন প্রতিবেশী শিখতে পারেন প্রতিবেশীর অধিকার। এমনকি মতবিরোধ ও বিরোধিতার মধ্যেও কীভাবে ন্যায় ও শালীনতা বজায় রাখতে হয়, তাঁর জীবন তারও শিক্ষা দেয়।

জীবনে ভারসাম্য আনার জন্য

মানুষের জীবনে অনেক কিছুই প্রয়োজন। ভালোবাসা দরকার, কিন্তু ভালোবাসায় অন্ধতা নয়। উপার্জন দরকার, কিন্তু অর্থের মোহ নয়। আনন্দ দরকার, কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়। একইভাবে বিশ্রাম দরকার, আবার দায়িত্বও পালন করতে হয়।

রাসুল (সা.)-এর জীবনে এই ভারসাম্য ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি ইবাদত করেছেন, আবার পরিবারকে সময় দিয়েছেন। তিনি দুনিয়ার কাজ করেছেন, কিন্তু দুনিয়াকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানাননি। তিনি ভালোবেসেছেন, কিন্তু ন্যায়বোধ হারাননি। তিনি শত্রুর মোকাবিলা করেছেন, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসাকে নীতির জায়গা দেননি।

তাঁর জীবন আমাদের শেখায়, ভালো কিছু করাও যেন বাড়াবাড়িতে পরিণত না হয়। কখন কাজ করতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কখন নিজের জন্য সময় দিতে হবে আর কখন অন্যের দায়িত্ব নিতে হবে। মোটকথা জীবনের প্রতিটি ক্ষেত্রেই একটি ভারসাম্য প্রয়োজন।

সংকট থেকে উত্তরণের জন্য

জীবন সবসময় আমাদের অনুকূলে থাকে না। কখনো ব্যর্থতা আসে, কখনো অর্থকষ্ট, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো প্রিয়জন হারানোর শোক। কখনো এমনও হয়, সামনে কোনো পথ খোলা নেই বলে মনে হয়।

রাসুল (সা.)-এর জীবন ছিল এমন অসংখ্য পরীক্ষায় পূর্ণ। মক্কার নির্যাতন, সামাজিক বয়কট, তায়েফের প্রত্যাখ্যান, হিজরতের অনিশ্চয়তা, উহুদের বিপর্যয়—প্রতিটি ঘটনা ছিল কঠিন পরীক্ষা। কিন্তু এসবের কোনোটিই তাঁর দায়িত্ব পালনের পথে অন্তরায় হতে পারেনি।

তাই জীবনের কঠিন সময়ে সিরাত পড়লে আমরা শুধু অতীতের ঘটনা জানি না, নিজেদের জন্যও সাহস খুঁজে পাই। বুঝতে পারি, বিপদ আসা মানেই আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া নয়। কখনো কখনো কঠিন পথই মানুষকে আরও দৃঢ় করে তোলে।

শোকের সময়ে সান্ত্বনা লাভের জন্য

জীবন শুধু প্রাপ্তির নয়, হারানোরও। প্রিয়জনের মৃত্যু, বিচ্ছেদ কিংবা কোনো অপূরণীয় ক্ষতি মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। এমন সময়ে রাসুল (সা.)-এর জীবন হতে পারে আমাদের জন্য সান্ত্বনার এক অনন্য উৎস। কারণ তাঁর জীবনও শোক-দুঃখ, বেদনা থেকে মুক্ত ছিল না। জন্মের আগেই তিনি হারিয়েছেন পিতাকে। শৈশবে হারিয়েছেন মাকে, কিছুদিন পর দাদাকে। পরিণত বয়সে কঠিন বিপদের মুহূর্তে হারিয়েছেন প্রিয় চাচা আবু তালিব ও সহধর্মিণী খাদিজা (রা.)-কে। পরবর্তী সময়েও একে একে তাঁর দুই কন্যা, তিন পুত্র এবং এক নাতিকে হারানোর বেদনা তাঁকে বহন করতে হয়েছে।

একের পর এক প্রিয়জনকে হারিয়েছেন তিনি। শোক তাঁকে স্পর্শ করেছে, চোখে পানি এনেছে। কিন্তু সেই শোক তাঁর পথচলা থামাতে পারেনি। আল্লাহর ওপর অটুট আস্থা তাঁকে প্রতিটি বেদনার মধ্য দিয়েই সামনে এগিয়ে নিয়েছে। তাই জীবনের কোনো বেদনায় আমরা যখন ভেঙে পড়ি, সিরাত তখন আমাদের মনে করিয়ে দেয়—শোক আমাদের দুর্বল করে দিতে পারে, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে আমাদের আবার উঠে দাঁড়াতে হবে।

রাসুল (সা.)-এর জীবন আমাদের সামনে শুধু একজন আদর্শ মানুষকে তুলে ধরে না, বরং আমাদের সামনে তুলে ধরে একটি স্বচ্ছ আয়না। সেখানে আমরা দেখতে পাই কেমন হওয়া উচিত আমাদের চরিত্র, আচরণ, সম্পর্ক ও জীবনযাপন। তাই সিরাত যত পড়ব, ততই তাঁর জীবনকে জানার পাশাপাশি নিজেদের জীবনকেও নতুন করে গড়ার সুযোগ পাব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

কেন পড়ব সিরাত