ঢামেকের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় মিলল, গ্রেপ্তার তিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২: ০২
গ্রেপ্তার তিন সন্দেহভাজন। সংগৃহীত ছবি
গ্রেপ্তার তিন সন্দেহভাজন। সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ফেলে রাখা অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সাল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তে তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়।

এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০ আগস্ট রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, অপরাধ আড়াল করতে আসামিরা মিম আক্তারের লাশ ঢামেক হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যান। গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের বাসা ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন।

মৃত্যুর সঠিক কারণ, ঘটনার মূল রহস্য এবং কেন লাশ ঢামেকের সামনে ফেলে রাখা হয়েছিল—এসব বিষয় জানতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ঢামেকের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় মিলল, গ্রেপ্তার তিন