ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: স্ট্রিম
ঢাকার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: স্ট্রিম

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বিকাল সাড়ে ৪টায় খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচ সোয়ারী ঘাটে গিয়ে শেষ হয়। এতে ৬টি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন অসংখ্য মানুষ। স্থানীয় বাসিন্দাসহ দূর দূরান্ত থেকেও ছুটে এসেছেন অনেকে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। কেউ সঙ্গে এনেছেন পরিবারের সদস্যদের। খোলামোড়া ঘাট থেকে সোয়ারী ঘাটের দুই ধারেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

দর্শনার্থীরা জানান, নৌকাবাইচ বাংলাদেশ ও বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা। রাজধানীতে এই খেলার আয়োজন হওয়াতে তারা আনন্দিত।

সাভারের হেমায়েতপুর থেকে বাইচ দেখতে এসেছেন নুরুল আমীন। কামরাঙ্গিচরের ঠোটার ঘাটে কথা হয় তার সঙ্গে। স্ট্রিমকে তিনি বলেন, বাইচ তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও দুইটা থেকে বসে আছি। অনেক দূর থেকে এসেছি, তাই মিস হয়ে যাক সেটা চাইনি। অনেক বছর আগে বাইচ দেখেছিলাম। এখন তো এমন আয়োজন দেখাও যায় না। তাই ছুটে আসা।

নারায়নগঞ্জ থেকে নাঈম হুসেন তাঁর ছোট মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। তিনি বলেন, পুরান ঢাকায় আমার আত্মীয় আছে। তাই বাইচ দেখতে একদিন আগেই চলে এসেছি। বাইচ দেখা ঘিরে আত্মীয় বাড়িতেও ঘোরা হলো।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয়টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় হন আনিসুর রহমান তালুকদার খোকনের দল।

বাইচ শেষে সোয়ারি ঘাট প্রাঙ্গণে নোঙ্গর করা শতবর্ষী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ