যৌতুক মামলায় আপসের শর্তে পিডিবির সাবেক কর্মকর্তার স্ত্রী ও ছেলের জামিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগৃহীত

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর স্ত্রী ও ছেলেকে আপসের শর্তে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনের জামিন মঞ্জুর করেন। এক হাজার টাকা মুচলেকায় আগামী ৪ অক্টোবর পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দেওয়া অঙ্গীকারনামায় মুনতাসীর মামুন উল্লেখ করেন, তিনি স্ত্রীকে কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করবেন না এবং সবসময় ভালো ব্যবহার করবেন। পাশাপাশি পরিবারের অন্য কেউ, বিশেষ করে তার মা, যেন নির্যাতন করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকবেন।

মামলার বাদী ও মুনতাসীরের স্ত্রী আরাফাত ইরিন ঐশী গত ২৭ আগস্ট ঢাকার আদালতে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত তার জবানবন্দি নিয়ে নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং হযরত আলী ও মিজানুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। পরে ২ সেপ্টেম্বর রমনা থানা এলাকা থেকে নাজমা ও মুনতাসীরকে গ্রেপ্তার করে পুলিশ। ৩ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়।

এজাহার সুত্রে জানা যায়, নতুন ব্যবসা শুরুর কথা বলে মুনতাসীর তার স্ত্রীকে বাবার কাছ থেকে এক কোটি টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতেন। বাদিনীর অভিযোগ, তিনি তৃতীয় ধাপের ক্যান্সারে আক্রান্ত জানার পরও আসামিরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তার অভিযোগ, মেয়ের সংসারের কথা চিন্তা করে বাবা আত্মীয়দের কাছ থেকে ধার করে চার কিস্তিতে ২০২৫ সালের ১৮ অক্টোবর পর্যন্ত এক কোটি টাকা দেন। তার আরও অভিযোগ, আসামিদের নির্যাতনের কারণে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ ১৪ আগস্ট তার ক্যান্সারজনিত সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার পর তিনি মামলা করার সিদ্ধান্ত নেন ।

শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী রাজ্জাব হোসেন রাজু আপোসের শর্তে জামিনের আবেদন করেন। এ সময় বাদীও আদালতে উপস্থিত ছিলেন। পরে আপোসের শর্তে আসামিদের জামিনে সম্মতি দেওয়া হয় এবং তারা আদালতে অঙ্গীকারনামা জমা দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত