বিদ্যুৎ-জ্বালানি খাতের ঘাটতি জানাতে ‘শ্যাডো’ পরিকল্পনার পরামর্শ
স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনাগত ঘাটতি জনগণকে স্পষ্টভাবে জানাতে একটি ‘শ্যাডো’ পরিকল্পনা প্রকাশের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদরা। নতুন সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা নিয়ে এক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে "বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের ১৮০ দিন পর্যালোচনা: সুশাসন, জবাবদিহি ও উন্নয়নের প্রেক্ষাপট" শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করে সিটিজেনস' ফোরাম, বাংলাদেশ (সিএফবি) ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)।
আলোচনায় প্রধান সমন্বয়ক ও ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঘাটতি স্পষ্টভাবে জানাতে একটি শ্যাডো পরিকল্পনা প্রকাশ করে সুসংগঠিত বাস্তবায়ন প্রয়োজন। সংসদকে নীতিনির্ধারণের মূল কেন্দ্রে পরিণত করার ওপরও জোর দেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, নতুন সরকারের ছয় মাসে রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন দেখা যাচ্ছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি সামলে দেশ এখন সঠিক গতিমুখে এগোচ্ছে।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি বলেন, নাগরিকরা সরকারকে আরও সময় দিতে প্রস্তুত এবং সমস্যা নিরসনে দলগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্রের পূর্ণ মূল্যায়নে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে অর্থ পাচার বন্ধ ও ব্যাংকিং খাতের সংস্কারে নজর দেওয়া জরুরি।
অনুষ্ঠানে নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভীন হক বাজারদর, আইনশৃঙ্খলা ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্নীতিমুক্ত সমাজের দাবি জানান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, নর্থ সাউথ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ, ঢাবি ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, দ্য মিডিয়া স্ট্রিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল রানা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সায়ন্থ।
.png)






