ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারাল বার্সা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

ফুটবলার লামিনে ইয়ামাল। ছবি:সংগৃহীত
ফুটবলার লামিনে ইয়ামাল। ছবি:সংগৃহীত

মেস্তায়ায় রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের রক্ষণ ছিন্নভিন্ন করে ৫-০ গোলের বড় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। এছাড়া ফেরমিন লোপেস, রাফিনিয়া ও পেদ্রি একটি করে গোল করেন। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল কাতালান ক্লাবটির।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের খাতা খোলেন ইয়ামাল। ফেরমিন লোপেসের বাড়ানো বলে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। দুই মিনিট পর আবারও বল জালে জড়ালেও অফসাইডের কারণে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল হয়।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেস। এরপর একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর সহায়তায় গোল করেন পেদ্রি। শেষ দিকে ৮৪ মিনিটে দানি ওলমোর বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে লা লিগায় চার ম্যাচের মধ্যে তিনটিতেই প্রতিপক্ষের জালে পাঁচটি করে গোল করেছে বার্সেলোনা। এর আগে এলচেকে ৫-০, অ্যাথলেটিক বিলবাওকে ২-০ এবং রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়েছিল তারা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত